আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন।
ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
স্বতন্ত্র এই প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এ কথা জানান।
শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় প্রতীক বরাদ্দের জন্য কমিশনের কাছে আবেদন করবেন এবং তাঁর পছন্দের প্রতীক ফুটবল।
তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।’
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল দেখিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।







