নারায়ণগঞ্জ । রবিবার
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ নভেম্বরের লকডাউনে আতঙ্কিত হবার কিছু নেই: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের কারণে সাধারণ মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।’

বুধবার (১২ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান জানান, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের নেপথ্যে থাকাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এদিনও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যারা উসকানি দিচ্ছে বা অপতৎপরতার নির্দেশনা দিচ্ছে, তাদের প্রতি ডিবি সতর্ক। আমরা দেখছি, বিভিন্ন উসকানি দেওয়া হচ্ছে, কিন্তু রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন সাধারণ রিকশাচালককে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার এ ধরনের চেষ্টা ডিবি কঠোরভাবে দমন করছে।’

তিনি নাগরিকদেরও সতর্ক করেছেন, ‘গুজবে কান দেবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। আমরা আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে অপতৎপরতা দমন করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >