রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। ছবি: কালবেলা
রাজবাড়ীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পদ্মা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে জড়িত ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও এস এম রায়হানুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন সুরক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে।




