খাদ্যমন্ত্রীর চট্টগ্রাম সফরের দিনই নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে ১২০ দশমিক ০৫ টন সরকারি লাল গম জব্দ করা হয়েছে। লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসআরবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া মজুদ করা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন বলেন, সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিন চট্টগ্রাম সফরে এসে জেটি, সাইলো ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি আসন্ন রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।





