জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর)। তবে স্বাক্ষরের আগের দিন সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তিন দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন।
নাহিদ ইসলামের উপস্থাপিত তিনটি দাবি হলোঃ১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা জারি করবেন।৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত Constituent Power প্রয়োগ করে সংবিধান সংস্কার করবে, যার নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
তিনি বলেন, “এই তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হতে পারে। সেক্ষেত্রে আমরাও অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা ছাড়া কিছু নয়। বরং জনগণের সামনে বিষয়গুলো স্পষ্ট না করে সনদ স্বাক্ষর করাটা এক ধরনের ছলচাতুরী মনে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। এই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে— সেটি জনগণ ও আমাদের সবার কাছে পরিষ্কার করতে হবে।”
তিনি আহ্বান জানিয়ে বলেন, “আগামীকালের অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার ও জাতীয় কমিশনের প্রতি,এই দাবিগুলো বিবেচনা করুন। কারণ এই দাবিগুলো কেবল এনসিপির নয়, গতকাল অনেক দলই বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদেরও ভিন্ন মত ও অস্পষ্টতা আছে। তাহলে অস্পষ্টতা রেখে সবাইকে এক জায়গায় এনে সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষরের আয়োজনের কোনো অর্থ হয় না।”






