জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে ৩ ঘটিকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয় জামায়াতের বিশাল গণমিছিল। বায়তুল মোকাররম থেকে মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতারা এবং কয়েক হাজার জনতা অংশ নেন।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে আল–ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ৫ দফা দাবির ঘোষণা দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
একই দাবিতে সমমনা আরও কয়েকটি দল কর্মসূচি ঘোষণা করলেও, শুক্রবার জামায়াতই প্রথম এ কর্মসূচি বাস্তবায়ন করে।







