নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এমএস ডাইং, পিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচতলায় অবস্থিত বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার শ্রমিক আল-আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই রুমে গ্যাসলাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ছয়জনের শরীর ঝলসে যায়। দগ্ধদের সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। তদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত জানাতে পারবো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। কার কত শতাংশ পুড়েছে তা প্রাথমিক চিকিৎসা শেষে নির্ধারণ করা যাবে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >