নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গতকাল সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়া পাড়া ও কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সোনারগাঁ উপজেলার নয়াপুর কাঠালিয়া পাড়ার হাবিবুর রহমানের ছেলে ও সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ (২৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান হিমেল (২৯), বড় চেঙ্গাইন এলাকার আব্দুর সাত্তারের ছেলে নুর হোসেন (৪০), সুরুজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৮) এবং আব্দুল খালেকের ছেলে মোঃ মোখলেস (৪৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >