নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু, দুই প্রকৌশলী বরখাস্ত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিডিসির সহকারী প্রকৌশলী রাহুল।

এর আগে গত ২৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দুজন আহত হওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ডিপিডিসির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন যে, ৩ ডিসেম্বর তাদের সিদ্ধিরগঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিদ্ধিরগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতির মাধ্যমে দপ্তরটিকে অনিয়মের আখড়ায় পরিণত করেছিলেন। ঘুষ-বাণিজ্যের অভিযোগ নিয়ে প্রতিবেদন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিভাগীয় কিছু কর্মকর্তাকে বদলি করা হলেও অমিত অধিকারী বহাল থেকেছিলেন। গ্রাহকদের অভিমত, অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকালে আদমজী ইপিজেডের কাছে ট্রান্সফরমারের কাজ চলাকালে হঠাৎ লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং দুজন আহত হন। দায়িত্ব অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গ্রাহকরা মনে করেন। ঘটনার পর তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হলেও রিপোর্ট প্রকাশ হওয়ার বিষয়টি ডিপিডিসির কোনো কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >