নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ভেজাল কোমল পানীয় কারখানায় ম্যাজিস্ট্রেটের অভিযান, কর্মচারীর কারাদন্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীনভাবে ভেজাল কোমল পানীয় ও শিশু খাদ্য উৎপাদনের দায়ে “মল্লিক এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ” নামক একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন।

অভিযানে ম্যাংগো জুস, এনার্জি ড্রিংক, লাচ্ছি, সাদা পানি, শিশু খাদ্য ‘আইস ললি’সহ বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয় এবং গোডাউনটি সিলগালা করে ভবন মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অভিযান শুরু হওয়ার আগেই মালিকপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

অন্যদিকে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় কারখানার কর্মচারী মান্নান (৩৯)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিমাইকাশারীর আব্দুল জব্বার মল্লিকের ছেলে মো. হেলাল মল্লিক দীর্ঘদিন ধরে এই কারখানার আড়ালে অবৈধভাবে ভেজাল কোমল পানীয় ও শিশুখাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন,“নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই এনার্জি ড্রিংক ও শিশুখাদ্য উৎপাদন করছে। তাদের কোনো আইনগত অনুমোদন নেই। ফলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন্নাহার উপস্থিত ছিলেন। তিনি জানান,প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে ম্যাংগো, অরেঞ্জ, লিচি ড্রিংক, লাচ্ছি, আইসললি, পানি, চকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্য উৎপাদন করা হচ্ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করা হচ্ছিল।”

তিনি আরও জানান, অভিযানে প্রায় ৪৬০ কার্টুন ভেজাল ও অনুমোদনবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় পুলিশের দুটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >