নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে শ্রমিক ছাঁটাই, সিদ্ধিরগঞ্জে কারখানা বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও উত্তাল শ্রমিক আন্দোলন! গোদনাইল এলাকায় অবস্থিত পি.এম নিটেক্স (প্রা.) লিমিটেড-এ এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে চাকরিচ্যুত করার ঘটনায় রবিবার সকাল থেকেই ফেটে পড়ে শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকরা সকালেই চাষাড়া-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মুহূর্তেই গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চোখের পলকে থেমে যায় যান চলাচল— চাষাড়া থেকে আদমজী পর্যন্ত পুরো সড়কজুড়ে থমথমে পরিস্থিতি। জনভোগান্তি চরমে পৌঁছালে বিকল্প পথে যান চলাচল করতে দেখা যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা শ্রমিকদের আশ্বস্ত করেন, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আশ্বাসের পর বেলা ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

তবে উত্তেজনার রেশ তখনও কাটেনি। পরিস্থিতি সামাল দিতে না পেরে একইদিন বিকেলে পি.এম নিটেক্স (প্রা.) লিমিটেড কর্তৃপক্ষ তাদের গার্মেন্টস বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

প্রতিষ্ঠানের ঘোষণায় বলা হয়, গত ১ নভেম্বর এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। এ ঘটনায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি মিলে একটি তদন্ত কমিটি গঠন করে।

রবিবার (৮ নভেম্বর) তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শ্রমিককে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্তৃপক্ষ গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে এমন বিক্ষোভে সাধারণ মানুষ বিপাকে পড়ে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা থাকেন।

এদিকে শ্রমিকদের দাবি, চাকরিচ্যুত শ্রমিককে পুনর্বহাল না করা হলে আন্দোলন আরও তীব্র হবে। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, “শৃঙ্খলা রক্ষাই এখন প্রধান অগ্রাধিকার।”

পরিস্থিতি আপাত শান্ত হলেও গোদনাইল শিল্পাঞ্চলে এখনো উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >