সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
নারায়ণগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নতুন মোড়কে বিক্রয় নিষিদ্ধ FAIRDYL ও WINCEREX নামের মাদকদ্রব্যের ৭৪ বোতলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান, পিপিএম এবং এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্য সানারপাড় এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে জনৈক আব্দুল আউয়াল ভূঁইয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নতুন মোড়কে থাকা বিক্রয় নিষিদ্ধ FAIRDYL-এর ৩০ বোতল এবং WINCEREX-এর ৪৪ বোতলসহ মোট ৭৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ থানার বরপা এলাকার মৃত খোদা বক্স ও মৃত মনোয়ারা বেগমের ছেলে ইকবাল খাঁ (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ে আব্দুল আউয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরজন হলেন মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল আউয়াল ভূঁইয়া ও মৃত শাহিদা বেগমের ছেলে খবির ভূঁইয়া (৩৬)।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





