নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৯ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর মেলার মাঠ সংলগ্ন একটি রিকশার গ্যারেজের সামনে এবং বিহারী কলোনির ৩ নম্বর গলির পাকা রাস্তার ওপর অবস্থিত মাদক স্পটে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।




