নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম তার নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে নিজের ছেলে আবুল কাউছার আশা’কে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
শনিবার (৭ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে জারি করা এক নিয়োগপত্রে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।
নিয়োগপত্রে বলা হয়েছে, নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আবুল কাউছার আশা’কে এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগের পর আশা এমপি আবুল কালামের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা, দলীয় কার্যক্রম সমন্বয় এবং সাংগঠনিক কাজে সহযোগিতা করবেন বলে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এতে বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। আশা প্রকাশ করা হয়েছে যে, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগ ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে।






