ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়িতে একটি সিএনজি চালিত অটো রিক্সায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে এটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত দশটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দশটায় জালকুড়ি বাস স্ট্যান্ডের অদূরে একটি সিএনজিকে তারা থামতে দেখেন। সিএনজিতে যাত্রী হিসেবে আসা ২ যুবক সিএনজি থেকে নেমে এটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দৌড়ে পালিয়ে যায়। সিএনজি ড্রাইভার ও আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিভান। তবে এর আগেই যানবাহনটি ভস্মীভূত হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুই যাত্রী সিএনজিটি ১২০ টাকায় সাইনবোর্ড পর্যন্ত ভাড়া নেয়। জালকুড়ি এসে তারা বলে এখান থেকে আমাদের আরো একজন উঠবে। ড্রাইভার গাড়ির থামালে তারা সিএনজির পিছনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।








