নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার সুযোগ দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সদস্যরা। রবিবার (১মার্চ) সন্ধ্যায় ভুলতা এলাকার একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শতশত কলকারখানায় বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও যোগ্য হওয়া সত্ত্বেও রূপগঞ্জের ভূমিপুত্ররা সুযোগ পাচ্ছেন না। তাই এসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয় রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে যোগ্যতাসম্পন্ন স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করতে হবে। শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে। এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করার দাবি জানান তারা।

 সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের প্রতিনিধিরা আরো বলেন, আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সাংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গ্র্যাজুয়েটরা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের সমন্বয়কারী কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের আবু কাওছার মিঠু, গোলাকান্দাইল ইউনিয়নের রিদয় হাসান, কায়েতপাড়া ইউনিয়নের ব্যরিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়নের গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এম কে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >