নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে থেকে শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে গুই রাকিবকে (২৪) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার নামে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস রিলিজের মাধ্যমে র্যাব-১১ নারায়ণগঞ্জ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য জানান।
র্যাব জানায়, এক মাস আগে গত ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। এর কিছুদিন আগে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গুই রাকিব ও তার লোকজন ভুক্তভোগীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি প্রদান করেন।পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন।

র্যাব আরো জানায়, পরবর্তীতে ১৮ অক্টোবর পুনরায় চাঁদার টাকা দাবি করেন। ভুক্তভোগী লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
তার নামে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুন সহ অন্তত ২০টি মামলা রয়েছে। এদিকে র্যাব পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে।




