নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিবু মার্কেট থেকে শিয়াচর
ভোটারদের দুয়ারে দুয়ারে মোহাম্মদ আলী, প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ-৪

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মনোনীত প্রার্থী, মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সোমবার (২৬ জানুয়ারি) শিবু মার্কেট এলাকা থেকে শুরু করে পিটালিপুর, কাঠেরপুল, লাল খাঁ, দক্ষিণ শিয়াচরের ইয়াদ আলী মসজিদ, শাজাহান রোলিং মিলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মোহাম্মদ আলী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাদের সুখ-দুঃখের কথা। এ সময় তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রচারণার সময় মোহাম্মদ আলী বলেন,“আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই এলাকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আপনারা আমাকে সুযোগ দিলে নারায়ণগঞ্জ-৪ কে একটি মডেল আসনে রূপান্তর করবো।”

তার এই গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তার প্রতীককে সমর্থনের আশ্বাস দেন।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি জনগণের কাছে এসে কথা বলায় তারা আশাবাদী। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর প্রচারণা নতুন গতি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >