নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের পুত্র মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ’র ব্যবসায়ীক অফিসে হামলা ভাংচুর ও লুটপাটসহ তান্ডবের অভিযোগ উঠেছে নির্বাচিত এমপি পুত্র আবুল কাউসার আশা ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ লা অক্টোবর) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনাটি ঘটে।
মাকসুদ চেয়ারম্যানের স্ত্রী নারগিস মাকসুদ গণমাধ্যমকর্মীদেরকে জানান, সম্পত্তি নিয়ে স্থানীয় একটি পেপার মিলের কর্তৃপক্ষের সঙ্গে তাদের আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সেটা বিবাদীদের সঙ্গে আমরা বুঝবো। এখানে এমপিপুত্র হস্তক্ষেপ করবে কেন। সে থাকবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। সে নিজেই অপরাধ করে বেড়ায় তাহলে মানুষ যাবে কোথায়?।
তিনি আরো বলেন, সম্প্রতি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই এমপিপুত্র আশা আমাদেরকে হয়রানি করে আসছে। সে আমাদের জীমের সমস্ত মালামাল লুট করিয়েছে। আমার আওয়ামী দোসরদে দমনের নামে সে আমার ছেলের ফেস্টুন ব্যানার উচ্ছেদ করেছে। সে বার বার আমাদের উপর জিদ মেটাচ্ছে। থানা পুলিশের দ্বারস্থ হয়ে কোন সহযোগিতা পাইনা। আমরা কি এই দেশের নাগরিক না। আমাদের কি স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই? এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দর থানায় কোন অভিযোগের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে এমপিপুত্র আবুল কাউসার আশার সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, আমি প্রধানমন্ত্রীর ডিউটিতে আছি। এক পক্ষ থানায় অভিযোগ করেছে । মাকসুদ হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় উল্লেখিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা প্রকাশ করছে স্থানীয়রা।





