নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়ভীতি প্রদর্শন, গালাগাল, প্রাণনাশের হুমকি এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. সুমন (৪০) নামে এক ব্যক্তি।
গত ৩০ সেপ্টেম্বর ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে সুমন উল্লেখ করেন, তিনি দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। অভিযোগে জয় (২৫), আবু সাঈদ ও আসাব উদ্দিন (৬০) নামে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে বাদীর কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫টার দিকে ময়লা ফেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বাদী ও তার পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা গালাগাল ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন সুমন।
লিখিত অভিযোগে সুমনের দাবি, ওই সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেন। পাশাপাশি তার স্ত্রী রেবী আক্তার ও মেয়ে ঝর্ণা আক্তারের গায়ে হাত তোলা এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভবিষ্যতে আরও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এএসআই মো. শরীফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




