নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে শুভ সহ অনুসারীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ১ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের সময়ে নেতাকর্মীরা বন্দরের লাঙলবন্দে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জমায়েত শেষে বাড়ি ফেরার পথে ওই হামলার শিকার হন।
বন্দর থানার ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো মাকসুদ, ছেলে মাহমুদুল রহমান শুভ, অন্তর, পলাশ, মনির মেম্বার, মজিবুর রহমান, আবুল কালাম, কাজী পনির, রিপন, ফারুক, ইকবাল হোসেন, কাজল সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাওয়ার পথে বন্দর থানাধীন লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান ও অভিনন্দন শেষে আমি আমার সঙ্গীয় নেতা-কর্মীগণ ফেরার পথে সকাল ১০টায় বন্দর থানাধীন ঘরিপাড়া লাঙ্গলবন্দ ১ নং বিবাদী মাকসুদ চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিবাদী মাকসুদ চেয়ারম্যানের প্রকাশ্যে হুকুমে ২ নং বিবাদীর নেতৃত্বে এজাহারনামীয় সকল বিবাদীগণ সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে আমাদের চলার পথ গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে অতর্কিত মারপিট শুরু করে। বিবাদীগণ আমাকে সহ আমার সঙ্গীয় নেতা-কর্মীদের লোহার রড, এসএস পাইপ ও কাঠের ডাসা দিয়া এলোপাথাড়ি মারপিট করে জখম করে। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজনে এগিয়ে আসলে আমাকে সহ আমার সঙ্গীয় নেতা-কর্মীদের সময়-সুযোগ পাইলে খুন-জখম কররে লাশ গুম করে ফেলবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরবর্তীতে আমি সহ আমার সঙ্গীয় নেতা-কর্মীগণ জখমী অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করি।




