নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সেই উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা শাহ্ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে মাঠে নামছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির তাকে হরিণ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক হাতে পাওয়ার পর শাহ্ আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হরিণ প্রতীক সাধারণ মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা তার পাশে থাকবেন এবং তাকে বিজয়ী করবেন।
প্রতীক বরাদ্দের পর থেকেই শাহ্ আলমের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কার্যালয় চত্বরে তার অনুসারীরা স্লোগান দেন এবং দ্রুত নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে থাকেন। স্থানীয়ভাবে জানা গেছে, খুব শিগগিরই তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা শুরু করবেন।




