নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আলীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আল-আজান কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে তার অবদান কোনোদিনও জাতি ভুলে যাবে না। তার ইন্তেকালে দেশ ও জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, যা কখনোই পূরণ হওয়ার নয়। আজ আমরা সবাই তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি ,আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মমিনুল ইসলাম, হাজী মনিরুদ্দীন, আকবর হাজী, হাজী মফিজুল ইসলাম, সামসুল হক ও মোহাম্মদ হান্নান। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, দেশপ্রেম ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন হালিম খান, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম পাবেল, আব্দুল আজীজসহ এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, মুরুব্বিয়ান ও সর্বস্তরের সাধারণ জনগণ।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >