ফতুল্লার বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদীতে ঘটে যাওয়া হৃদয়বিদারক ফেরি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য,এফ.বি.সি.সি.আই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। শনিবার রাতে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় তিনজনের প্রাণহানিতে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় মোহাম্মদ আলী বলেন, বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদীতে যে ভয়াবহ দুর্ঘটনায় নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছেন, তা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
উল্লেখ্য, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বক্তাবলী ঘাট থেকে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ট্রাকের বেপরোয়া ধাক্কায় ফেরিতে থাকা পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। দুর্ঘটনার পর রাতভর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।
ধলেশ্বরীর সেই নীরব জলরাশির সামনে দাঁড়িয়ে আরেকটি প্রাণহানির ট্র্যাজেডিতে শোকস্তব্ধ জনপদ।





