নারায়ণগঞ্জ ।
,

মাঝনদীতে মৃত্যু-তাণ্ডব
ফেরিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় তলিয়ে গেল পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার

ফতুল্লার বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদী যেন মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। নদী পারাপারের সময় মাঝনদীতে ফেরির ওপর ঘটে যায় বিভীষিকাময় দুর্ঘটনা। একটি ট্রাকের বেপরোয়া ধাক্কায় ফেরিতে থাকা পাঁচটি যানবাহন ছিটকে পড়ে উত্তাল নদীতে। প্রাণ হারান তিনজন।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী ঘাট থেকে ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টি যানবাহন নিয়ে ফেরিটি ওপারে যাওয়ার পথে ধলেশ্বরীর মাঝখানে পৌঁছাতেই ঘটে বিপর্যয়। হঠাৎ করে একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা যানগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে।চোখের পলকে ট্রাকের সজোরে ধাক্কায় একটি ভ্যান, দুটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেলসহ মোট পাঁচটি যানবাহন ফেরি থেকে ছিটকে পড়ে নদীতে। মুহূর্তেই আতঙ্ক, চিৎকার আর বাঁচার আর্তনাদে কেঁপে ওঠে চারপাশ।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী প্রাণপণে সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন আর ফিরতে পারেননি। তারা হলেন, মোটরসাইকেল আরোহী রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ। নৌ পুলিশ সূত্রে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও কোস্টগার্ড রাতভর উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে নদীর গভীরতা থেকে তিনজনের নিথর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তীরে তোলার পর স্বজনদের আহাজারিতে নদীর দুই পাড় ভারী হয়ে ওঠে নীরব ধলেশ্বরী যেন সাক্ষী থাকে আরেকটি প্রাণহানির ট্র্যাজেডির।


বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) রকিবুজ্জামান জানান, ফেরিতে থাকা অবস্থায় চালকের অসতর্কতার কারণেই ট্রাকটি সচল হয়ে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পতিত ট্রাক উদ্ধারের কাজ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >