নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এবং বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) আসরের নামাজের পর ফতুল্লার ফাজিলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনকে কেন্দ্র করে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে।

দোয়া মাহফিলে আবেগঘন বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “আজকের সভা কোনো রাজনৈতিক সভা নয়। আজকের এ আয়োজন শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া ও সুস্থতা কামনায়। তিনি আমাকে ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বানিয়েছিলেন। তার জন্য আমার হৃদয়ে রয়েছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”

তিনি আরও বলেন, “বেগম জিয়ার মতো মহান দেশনেত্রী বাংলাদেশে আর কখনো আসবেন বলে মনে হয় না। আগামী দিনে তারেক রহমান যেনো দেশের হাল ধরতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তার নেতৃত্ব ছাড়া কিছু বুঝি না।”

মোহাম্মদ আলী উপস্থিত সকলের উদ্দেশে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বার্থে, মানুষের কল্যাণে বেগম জিয়া যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করছি। দেশের সর্বস্তরের মানুষ আজ তার জন্য দোয়া করছে। আপনারাও দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।”
দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ঈদগাহ মাঠকে জনসমুদ্রে পরিণত করে। আয়োজন জুড়ে ছিল বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সুস্থতা কামনার আন্তরিক আবেগঘন মুহূর্ত।




