নারায়ণগঞ্জ । শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চবটি ফ্লাইওভার পিলারে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের পর নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারের ব্লকে ফাটল দেখা গেছে। বিশেষভাবে ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর কয়েকজন জানান, ভূমিকম্প থামার পর তারা পিলারগুলোর ব্লকে রেখাচিত্রের মতো ফাটল চোখে পড়ে এবং তা বিস্তৃত হচ্ছে কি না তা দেখতে অনেকে ঘটনাস্থলে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফাটলের ছবি ছড়িয়ে পড়ে, যেখানে নাগরিকরা দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হওয়া এ সড়ককে ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কাও বাড়ছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ফাটল দেখা যাওয়ার খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। তিনি জানান, পিলারের অবস্থা যাচাই করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নাগরিকদের ঝুঁকি না থাকে।

এদিকে প্রকৌশলীদের একটি দল প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ফাটলগুলো কাঠামোগত ঝুঁকি তৈরি করেছে কি না তা জানতে জরুরি পরীক্ষা চালানো হবে। প্রয়োজন হলে পরবর্তীতে বড় ধরনের মেরামত অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।

ঘটনার পর প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানালেও এলাকাবাসী দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং স্থায়ী সমাধানের দাবি তুলছেন। ফ্লাইওভারটির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনেকে যাতায়াতে সতর্ক থাকার কথাও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >