নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ছাত্রলীগের
রাতের আধারে ঝটিকা মিছিল,আটক ৫

গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী হাতে মশাল নিয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে আটককৃতদের হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করে।

আটককৃতরা হলেনঃ- ফাহিম আহমেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) ও মো. আবির (১৫)।

এ বিষয়ে ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন,“মিছিল চলাকালে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >