নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শাহাদুল্লার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (১১ অক্টোবর) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জহিরুল হক রিয়াজ নামে এক ভুক্তভোগী।
অভিযোগে রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুইরাব এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কামরুল হাসান ফিরোজ ও একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে যুবদল নেতা শাহাদুল্লাকে আসামী করা হয়েছে। তারা মুইরাব এলাকার জহিরুল হক রিয়াজ ও তাদের ওয়ারিশ সূত্রে হেবা দলিল মূলে প্রাপ্ত ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের লক্ষ্যে সাইনবোর্ড গেড়েছে বলে জানা গেছে।
অভিযোগে জহিরুল হক রিয়াজ বলেন, পাড়াগাঁও মৌজার এস এ খতিয়ান-২১৭, আরএস খতিয়ান ৩৫১, এসএ দাগ নং-১৪৯, আর এস দাগ নং-১১১ এর ৫০ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক আমার মা এবং দুই খালা। সেই সূত্রে ওয়ারিশ হিসেবে আমি ও অন্যান্য ওয়ারিশগণ এই জমি ভোগ দখল করে আসছি। কিন্তু কামরুল হাসান ফিরোজ (৬৫) ও স্থানীয় যুবদল নেতা শাহাদুল্লা (৪৮) বিভিন্ন সময় আমাদের এই ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের পয়তারা করে আসছিল। গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৮টায় তারা অজ্ঞাতনামা আরো ১০/১১ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে আমাদের জমিতে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। তখন আমরা নিষেধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। পরে তারা বলে যে, তাদের এই দখল দারিত্বে কেউ কোনো বাধা দিলে প্রাণে মেরে ফেলবে। তাদের এই হুমকিতে আমরা শঙ্কিত। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা যেকোনো ধরনের ক্ষতি করতে পারে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, থানায় অভিযোগ পেয়েছি। একজন এসআইকে তদন্ত করতে দেয়া হয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, যুবদল নেতা শাহাদুল্লার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে যুবদল তথা বিএনপির ইমেজ ক্ষুন্ন হচ্ছে। এই বিষয়ে দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্শন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা শাহাদুল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।





