নারায়ণগঞ্জে হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন এলাকার হকাররা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত যায়।
বিক্ষোভে অংশ নেওয়া হকাররা অভিযোগ করেন, গত ১৩ এপ্রিল কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন মহানগরের ফুটপাত থেকে তাদের উচ্ছেদ অভিযান চালায়। এতে হঠাৎ করেই হাজারো হকার কর্মহীন হয়ে পড়েন এবং অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন।
সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা মানুষগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিক্ষোভকারীরা পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা, উচ্ছেদকৃত হকারদের তালিকা প্রণয়ন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত বিকেল ৪টা থেকে ফুটপাতে বসার সুযোগ দেওয়া এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
পরে বিক্ষোভ মিছিল শেষে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।




