নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে হামিদ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সকালে রাসেল গ্রুপের সমর্থকরা হামিদ গ্রুপের কয়েকজনের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন।

পরে খবর পেয়ে হামিদ গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >