রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, নতুন এ সুবিধা অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত ও খোলা—দুই ধরনের খেজুর আমদানির ক্ষেত্রেই চারটি এইচএস কোডের আওতায় এ সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এ সময়ে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর (এটি) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রমজানের কয়েক মাস আগে শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়ায় আমদানিকারকেরা আগেভাগে পণ্য সংগ্রহ ও ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে পারবেন।
এতে রমজানের আগে এসব ফলের আমদানি বাড়তে পারে।
তবে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আরো কয়েকটি বিষয়ের ওপর। আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার ওপরও খুচরা মূল্য নির্ভর করে।
তাই শুল্ক-কর ছাড়ের সুফল সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, সরবরাহ ও বাজারদর নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।




