নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় ইন্টেরিয়র উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রেস ক্লাবের আধুনিক ও নান্দনিক কর্মপরিবেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্ণাঢ্য এই আয়োজনে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ইন্টেরিয়র উন্নয়ন সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করবে। এতে পেশাগত দায়িত্ব পালনে আরও গতি আসবে। তিনি বিকেএমইএ-এর কাছে থাকা প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার ফ্লোরটি ফিরিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ক্ষেত্রে বিকেএমইএ সভাপতির সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন এবং ভবিষ্যতেও প্রেস ক্লাবের উন্নয়নে ব্যবসায়ী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এই ইন্টেরিয়র উন্নয়ন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি জানান, এই নান্দনিক পরিবেশ তৈরির মূল কৃতিত্ব প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও ক্লাবের স্থায়ী সদস্য হাবিবুর রহমান শ্যামলের। একই সঙ্গে বিকেএমইএ বোর্ড মেম্বারদের সম্মিলিত সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তাদের একযোগে সম্মতির কারণেই এই কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার ফ্লোর প্রসঙ্গে মোহাম্মদ হাতেম বলেন, প্রেস ক্লাবের দাবি যৌক্তিক এবং তা বাস্তবায়ন খুব একটা কঠিন নয়। ইজিএমে সাধারণ সদস্যদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ বিষয়ে তিনি আন্তরিকভাবে চেষ্টা করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের সাংবাদিকতার পার্থক্য এবং কিছু ক্ষেত্রে হলুদ সাংবাদিকতার চর্চার প্রসঙ্গ তুলে ধরে এ ধরনের প্রবণতা পরিহারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আবু সাউদ মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের ভবন থাকলেও এর অভ্যন্তরীণ অবয়ব দৃষ্টিনন্দন ছিল না, যা তার মনে এক ধরনের অপূর্ণতা তৈরি করেছিল। ইন্টেরিয়র উন্নয়নের মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। তিনি জানান, শুরুতে ২০ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হলেও কাজ চলাকালে ব্যয় বেড়ে ২৭ লাখ টাকায় দাঁড়ায়, যা মোহাম্মদ হাতেম সানন্দে অনুমোদন করেন। পরবর্তীতে আরও ব্যয় বাড়তে পারে জানালে তিনি বলেন, সুন্দর করতে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে, বিকেএমইএ পাশে থাকবে।
তিনি বিকেএমইএ বোর্ড মেম্বার ও পরিচালকদের সাংবাদিকদের সহযোগী হিসেবে উল্লেখ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা এবং হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে বিকেএমইএ-এর কাছে থাকা প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার ফ্লোরটি প্রেস ক্লাবকে ফিরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান এবং এ বিষয়ে বিকেএমইএ সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলের সহযোগিতা কামনা করেন। ভবন নির্মাণে মোহাম্মদ আলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, রুমন রেজা, হাবিবুর রহমান বাদল ও মাহাবুবুর রহমান মাসুম। তারা সবাই নতুন ইন্টেরিয়রের নান্দনিক পরিবেশের প্রশংসা করেন এবং এই উন্নয়ন কার্যক্রমে বিকেএমইএ ও এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিকেএমইএ কর্তৃক কেনা এবং বর্তমানে একটি ব্যাংককে ভাড়া দেওয়া দ্বিতীয় তলার ফ্লোরটি প্রেস ক্লাবকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা।

বিকেএমইএ সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, ফ্লোরটি বিকেএমইএ-এর সম্পত্তি হলেও প্রেস ক্লাবের আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ইজিএমের মাধ্যমে সদস্যদের সমর্থন নিয়ে ফ্লোরটি ফেরত দেওয়া সম্ভব কিনা সে বিষয়ে আন্তরিক চেষ্টা করা হবে বলে তিনি জানান।
বিকেএমইএ-এর সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক বলেন, বর্তমান বাস্তবতায় থেকেও দ্বিতীয় তলার ফ্লোরটি এখনো প্রেস ক্লাবকে ফিরিয়ে না দেওয়া অনাকাঙ্ক্ষিত। তিনি এ বিষয়ে দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণার দাবি জানান।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি জানান, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ের মাধ্যমে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা আনুষ্ঠানিকভাবে তাকে অবহিত করা হয়েছে।

এই ইন্টেরিয়র উন্নয়নের ফলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় একটি আধুনিক, নান্দনিক ও কার্যকর কর্মপরিবেশ তৈরি হয়েছে, যা সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >