নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে মঙ্গলবার পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে ২টি আসন থেকে সবচেয়ে বেশী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া ওরফে দিপু ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি কোন রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র কিছুই উল্লেখ করেননি। অত্র আসন থেকে ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী হিসেবে রেহান আফজাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসন থেকে শুধুমাত্র বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইতোমধ্যে ১৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম কোন রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র কিছুই উল্লেখ করেননি। আলীগঞ্জের বাসিন্দা মোঃ সুরুজ্জামান বিএনপি পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. মশিউর রনি বিএনপি পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী মোঃ ইসমাইল হোসেন কাউসার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক, মো. জহিরুল হক, মো. সেলিম রেজা শাওন ও কবির হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইলিয়াস আহম্মেদ, বাসদের মনোনীত প্রার্থী সেলিম আহমেদ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রি দলের প্রার্থী সুরাইয়া তাবাসসুম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মাকসুদ হোসেন। তার স্ত্রী মোসাম্মৎ নারগিস আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাসদের আবু নাঈম বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >