নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকী হত্যা মামলা
তদন্ত শেষের পথে, দ্রুত চার্জশিট জমা দেয়ার অঙ্গীকার র‍্যাবের

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ত্বকী হত্যা মামলায় আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় সম্পন্ন। খুব শিগগিরই চার্জশিট দাখিল করা হবে।”

এর আগে গত ১ অক্টোবর র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পলাতক আসামি আব্দুল্লাহ্ আল মামুন (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত সেপ্টেম্বরে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ২২ দিন অভিযান চালিয়ে আজমেরী ওসমানের গাড়িচালক মো. জামশেদসহ ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আজমেরীর সহযোগী কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্য দুই আসামি শাফায়েত হোসেন (শিপন) ও মামুন মিয়া-কে দুই দফায় মোট ৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর গাড়িচালক জামশেদকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার আরও এক আসামি ইয়ার মোহাম্মদ বর্তমানে কারাগারে রয়েছেন।

২০১৩ সালের ৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় ‘সুধীজন পাঠাগারে’ যাওয়ার পথে নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর, ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্বকীর মৃত্যুতে সারাদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মামলাটি আলোচনায় থাকলেও চার্জশিট দাখিল না হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন নিহতের পরিবার ও নাগরিক সমাজ।

র‍্যাবের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দীর্ঘ ১২ বছর পর অবশেষে এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলের অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >