নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুর দাপট
নারায়ণগঞ্জে আক্রান্ত অন্তত ১৩০০, শহরজুড়ে আতঙ্ক

বর্ষা বিদায় নিলেও নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গুর ভয়াবহতা যেন থামছেই না। বরং আশঙ্কার সব সীমা অতিক্রম করে মশাবাহিত এই রোগ এখন জেলাজুড়ে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে চলতি বছরে নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৯ জনে।

নতুন শনাক্ত হওয়া রোগীরা বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবর মাসেই ৩৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ডেঙ্গু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।তবে এই উদ্বেগের মধ্যেও একটি স্বস্তির খবর রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে চলতি বছরে মোট ১ হাজার ২৭৯ জন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে মশা নিধন অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করেছে। জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে তিনটি প্রধান পরামর্শ দেওয়া হয়েছে,১. মশা তাড়ানোর ব্যবস্থা নিতে হবে এবং নিয়মিত মশারি ব্যবহার করতে হবে।২. চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে।৩. জমে থাকা পানি দ্রুত অপসারণ ও লার্ভা ধ্বংসের ব্যবস্থা নিতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই কঠিন সময়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >