নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের যে সকল এলাকায়

নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন রেলসেতুর পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের নির্মাণাধীন ৭ নম্বর সেতুর পাশের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলো হলো— ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ এবং মুন্সিগঞ্জ। এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

এছাড়া নির্ধারিত এলাকার আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >