ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাস এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা, ছোট ভাই ও সিএনজি চালকসহ মোট চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে জালকুড়ি ওভারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনথিয়া রহমান হুমাইয়ার পরিবারের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আহত ব্যক্তিরা হলেন—শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা রহমান, ছোট ভাই আয়মান এবং সিএনজি অটোচালক। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোতে থাকা শিশু সিনথিয়া দরজা ভেঙে ওভারপাস থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। একই ঘটনায় পরিবারের অপর তিন সদস্য এবং সিএনজি চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় জনতা প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও প্রাইভেট কার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







