নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকবর-প্রিতমের সেঞ্চুরিতে এগিয়ে নর্থ জোন, লড়াইয়ে অমিত-মুশফিক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দিনের খেলায় ব্যাট হাতে দাপট দেখিয়েছেন নর্থ জোনের অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার। তাদের দুর্দান্ত জুটি ও জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সাউথ জোনের ৩১৪ রান টপকে দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়েছে নর্থ জোন।

আগের দিনের ১৬ রান নিয়ে ব্যাটিং শুরু করা নর্থ জোন শুরুতেই ধাক্কা খায়। ১৫ রান করে আবদুল্লাহ আল মামুন পেসার আবু জায়েদ রাহী-র বলে আউট হন। এরপর ৪২ রানে ফিরে যান সাব্বির হোসেন। দলীয় ৫৫ রানে তৃতীয় উইকেট হিসেবে বিদায় নেন ইকবাল হোসেন (৯)।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আকবর ও প্রিতম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা গড়ে তোলেন ২৩৩ রানের বিশাল জুটি। ১৫৮ বলে ২টি ছক্কা ও ১৬টি চারে ১২১ রান করেন আকবর। তাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন সামিউন বসির রাতুল।

অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করে ১৮৪ বলে ২টি ছক্কা ও ১৬টি চারে ১৫১ রানে অপরাজিত আছেন প্রিতম। শেষ বিকেলে তাকে সঙ্গ দেন সানজামুল ইসলাম, যিনি ৩৯ বলে ২২ রান করেন। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৭৯ রান তোলে নর্থ জোন।

অন্য ম্যাচে সেন্ট্রাল জোন ও ইস্ট জোনের লড়াই জমে উঠেছে। সেন্ট্রাল জোনের ৩০৭ রানের জবাবে ইস্ট জোন দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪৩ রান তুলেছে। ৫৭ রানে পিছিয়ে থাকা দলটির হয়ে অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৫৯) ও অমিত হাসান (৮৮)।

তৃতীয় দিনের খেলায় দুই ম্যাচেই জমে উঠার আভাস মিলছে।

তথ্যসূত্রঃ আমার দেশ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >