নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ: ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র-গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ০৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা ৩ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও চাপাতি প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায় এবং আঘাত করে। পরে তারা তার সরকারি ইস্যুকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী এএসআই এসএম লুৎফর রহমানের এজাহারের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেওভোগ এলাকার বাশমূলী এলাকা থেকে আরহাম (২২) নামে এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আরহাম (২২) ফতুল্লা থানাধীন দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মৃত নজরুল ইসলাম এবং মাতার নাম শিউলী বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >