নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিজিবির যৌথ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট অবৈধ সয়াবিন তেল প্যাকেজিং ও টিসিবির আটা মজুদ করার অপরাধে জরিমানা এবং কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার রাতে (১২ এপ্রিল) নগরীর নিতাইগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা,। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায় মেজর মোঃ ফারজিন ফাহিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিং ও বাজারজাতকরণের অপরাধে মেসার্স বি.কে ফুড প্রোডাক্টস এর স্বত্তাধিকারী গৌতম চন্দ্র সাহা (৬০)
কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯-এর ৪৩ ধারা) অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
এদিকে নিতাইগঞ্জের ৮১ বংশাল রোড এলাকায় অবস্থিত এস.ডি. ফ্লাওয়ার মিলস্ এবং গাউসুল আজম ফুড অ্যান্ড এলাইট মিলে পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠান দু’টি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৬৫০ বস্তা, যার মোট পরিমাণ ৩২ টন ৫০০ কেজি আটা উদ্ধার করা হয়।
খাদ্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর ৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল মালামাল জব্দ করা হয়।





