নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যাসিস্টের দোসর’ শব্দে তোলপাড় নারায়ণগঞ্জ , ভিডিও বার্তায় হাতেমের ব্যাখ্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পাঞ্চলে এক ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বক্তব্যের জেরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাতেই এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

হাতেম জানান, বিসিক শিল্প মালিকদের আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এমপি আল আমিন বলেন,
“যেখানে ফ্যাসিস্টদের দোসর আছে, সেখানে আমি কী করে মঞ্চে বসি এবং বক্তব্য দেই।”
এই মন্তব্যের পরপরই উপস্থিত শিল্প মালিকদের একটি অংশ দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। মুহূর্তেই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে হাতেম উপস্থিতদের শান্ত থাকতে আহ্বান জানান এবং অনুষ্ঠান ত্যাগের পরামর্শ দেন।

ইফতার অনুষ্ঠানস্থল থেকে নেমে শিল্প মালিকরা আয়োজকদের কাছে জানতে চান— কেন সভাপতিকে আমন্ত্রণ জানিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা হলো। এ সময় সেখানে জটলা তৈরি হয়।হাতেম দাবি করেন, তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে অবহিত করে নিজ কার্যালয়ে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং এমপি দিপু ভূঁইয়া ফোন করে জানান— অনুষ্ঠানস্থলে উত্তেজনা বিরাজ করছে এবং শিল্প মালিকরা জড়ো হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিকেএমইএর সহ-সভাপতিসহ সংশ্লিষ্ট নেতাদের ঘটনাস্থলে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিও বার্তায় হাতেম স্পষ্ট করে বলেন,“সর্বোপরি তিনি আমাদের এমপি। তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না।”
শেষ পর্যন্ত প্রশাসন ও সংগঠনের নেতৃবৃন্দের তৎপরতায় এমপি আল আমিনকে নিরাপদে স্থান ত্যাগের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি শিল্পাঞ্চলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বক্তব্য, শিল্পমালিকদের প্রতিক্রিয়া এবং প্রশাসনের ভূমিকা— সব মিলিয়ে ফতুল্লার শিল্প মহলে এখনো চলছে তুমুল আলোচনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >