নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমেই ফ্যাসিস্টদের জবাব দেওয়া সম্ভব : দিপু ভুঁইয়া

পুরানো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। বুধবার ২৮ জানুয়ারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, মুড়াপাড়া ইউনিয়নের বিএনপি নেতা মোঃ আলী হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, ভোটের মাধ্যমেই ফ্যাসিস্টদের জবাব দেওয়া সম্ভব। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দাউদপুর এলাকায় বৈধভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কর্তনের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘব করাই বিএনপির মূল লক্ষ্য।

এর আগে দাউদপুর ইউনিয়নের ১০টি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব উঠান বৈঠকে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস, বিদ্যুৎ ও নাগরিক সেবা নিয়ে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিএনপির প্রার্থীর সরাসরি মাঠে নেমে মানুষের কথা শোনা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা বলেন, রূপগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >