বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। রাজধানীর শেরে বাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর খোঁড়া শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার কবর খোঁড়ার জন্য মাপজোক করতে দেখা গেছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জানাজার পর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।








