আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন রাজনৈরতিক দল হিসেবে ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ।
এ সময় নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান এবং এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন বলে জানান এনসিপি নেতা নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।’
নাহিদ জানান, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে— এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে ‘এক মার্কায় নির্বাচনের জন্য’ এবং ‘আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে ‘শক্ত অবস্থানে’ থাকার জন্য বলেছে।







