নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে রায় কার্যকরের আহ্বান দুলুর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে সেহেতু শেখ হাসিনাকেও এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, রায় কার্যকর করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শাসনের নামে শোষণ কেউ পছন্দ করেন না। শেখ মুজিবের মৃত্যুর পর যেমন এ দেশে কান্নার কোনো মানুষ ছিল না, তেমনি তার মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও কেউ আফসোস করেনি।বরং মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। নির্যাতিত মানুষ উল্লাস প্রকাশ করেছে। মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছে।

দুলু বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল, তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ থাকলে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেখানে সব নিয়ম-নীতি অনুসরণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয়েছে।

জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা তার দলের লোকের পাশাপাশি দেশের প্রায় সব বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >