নিজস্ব প্রতিবেদক হাবিব খন্দকার, নারায়ণগঞ্জ: বাদ্যযন্ত্রের সুর, ধর্মীয় সংগীত, ঢাকের বাদ্য আর নৃত্যের ছন্দে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব ২০২৬। দেবী দুর্গার চরণে আশীর্বাদ প্রার্থনা, অঞ্জলি নিবেদন ও নানা ধর্মীয় আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলো। সোমবার (১৯ অক্টোবর) নবমীর দিন মধ্যরাত পর্যন্ত উৎসবের আমেজে মুখর ছিল বিভিন্ন পূজামণ্ডপ। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও আয়োজকদের খোঁজখবর নিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
দুর্গোৎসবের শুরু থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত নিরলসভাবে বিভিন্ন পূজামণ্ডপে ছুটে চলেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো নবমীর দিন তিনি বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে একরামপুর জেলেপাড়া পূজামণ্ডপ থেকে কার্যক্রম শুরু করে সনাতন সংঘ, সিটি কলোনি, বৃন্দাবন মন্দির, লালজী মন্দির, বন্দর বাজার দুর্গামন্দির, র্যালি লেডার্স পূজামণ্ডপ এবং মদনগঞ্জ লালজী দুর্গামন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
শিখন সরকার শিপনের বক্তব্য
শিখন সরকার শিপন বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য প্রতীক। আমরা চাই, নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হোক। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেব এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। যেকোনো পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
উপস্থিত ছিলেন যারা
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর শাখার সভাপতি শ্রী বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস, যুগ্ম সম্পাদক শ্রী শংকর রায়, অর্থবিষয়ক সম্পাদক শ্রী ভজন সাহা, গ্রন্থনা বিষয়ক সম্পাদক শ্রী রতন সাহা, বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শ্রী গৌতম সাহা, জিতু দাস, নারায়ণ বর্মন, মিলন বর্মনসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দের এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ, ভক্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের বাকি আয়োজনও সুন্দরভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।






