নারায়ণগঞ্জ ।
,

হাসপাতালের বিছানায় নিঃশব্দে কাঁদছেন ফটো সাংবাদিক আমির হোসেন এমপির হস্তক্ষেপ কামনা

পেশাগত জীবনে বুক পকেটে সততা আর কাঁধে ক্যামেরা ঝুলিয়ে যিনি দিন-রাত ছুটে বেড়িয়েছেন খবরের পেছনে; ফুটিয়ে তুলেছেন মেহনতি মানুষের সুখ-দুঃখ আর অধিকারের ছবি তিনিই আজ হাসপাতালের অন্ধকার কেবিনে শুয়ে লড়ছেন কঠিন রোগের সঙ্গে। তীব্র অর্থাভাব আর অসংখ্য ব্যাধির কাছে অসহায় আত্মসমর্পণ করে এখন অলৌকিক কোনো সাহায্যের প্রহর গুনছেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেন।

​বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে যমে-মানুষে টানাটানি চলছে এই প্রবীণ সংবাদকর্মীর।

​হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেবল টাইফয়েড জ্বরই নয়, বার্ধক্য ও নানাবিধ জটিল রোগ একযোগে জেঁকে বসেছে তাঁর জীর্ণ শরীরে। চিকিৎসকদের মতে, তাঁর বর্তমান শারীরিক উপসর্গগুলো অত্যন্ত সুদূরপ্রসারী ও মারাত্মক কষ্টদায়ক। টাইফয়েডের তীব্র প্রভাবে তাঁর মুখের দাঁত পড়ে গেছে, নাকে মাংস বৃদ্ধি পেয়েছে এবং কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্রবণশক্তি এখন প্রায় শূন্যের কোঠায়। তীব্র দৃষ্টিহীনতার কারণে চোখের সামনে দাঁড়িয়ে থাকা চেনা স্বজন বা দীর্ঘদিনের সহকর্মীদেরও চিনে নেওয়ার ক্ষমতা হারিয়েছেন এই প্রবীণ আলোকচিত্রী।

​এছাড়াও নিউমোনিয়ার তীব্রতার পাশাপাশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে তিনি প্রচণ্ড মূত্রকষ্টে ভুগছেন। বক্ষব্যাধি ও ফুসফুসে কফ জমে থাকা, পেটে চর্বি আধিক্য এবং দুই পায়ের হাঁটুতে হাড়ের ক্ষয়জনিত তীব্র যন্ত্রণায় তিনি সার্বক্ষণিক শয্যাশায়ী।

​যে মানুষটি সারা জীবন ক্যামেরার লেন্সে অন্যের অধিকার আদায়ের লড়াইকে ফোকাস করেছেন, আজ নিয়তির নির্মম পরিহাসে তিনি নিজেই সবচেয়ে বড় অসহায়। চিকিৎসার পেছনে সর্বস্ব খুইয়ে তাঁর পরিবার এখন পুরোপুরি দিশেহারা। এই মুহূর্তে উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া তাঁকে পরিপূর্ণ সুস্থ্য করা অসম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

​এমতাবস্থায়, প্রবীণ এই কলমযোদ্ধা ও ফটো সাংবাদিকের   সুচিকিৎসার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালামের সরাসরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।

​অত্যন্ত আবেগ আপ্লুত কণ্ঠে আমির হোসেনের পরিবার জানায়,তিনি সারাটা জীবন সমাজের জন্য কাজ করেছেন, মানুষের জন্য ছবি তুলেছেন। আজ টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ হতে চলেছে। নারায়ণগঞ্জ-৫ আসনের অভিভাবক, মাননীয় এমপি অ্যাডভোকেট আবুল কালাম মহোদয়ের প্রতি আমাদের আকুল আবেদন আপনি দয়া করে এই অসহায় প্রবীণ সংবাদকর্মীর পাশে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >