নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ। পরে রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হলে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।
এর ধারাবাহিকতায় ১৬ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে কৃষ্ণপুরা এলাকার তাঁর বসতবাড়িতে অভিযান চালায়।
পুলিশের দাবি, আসামির দেখানো মতে বসতঘরের উত্তর পাশে একটি সরু ফাঁকা জায়গায় বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির দুই পাশে কাঠের বাট ছিল এবং এর সঙ্গে একটি খালি ম্যাগাজিনও পাওয়া যায়। পরে উদ্ধার করা অস্ত্রটি জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।







