নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (সি-জোন) অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।
ডিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জের অভিযান অব্যাহত থাকবে।








